ঢাকা    বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
লাঠি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

লাঠি-বৈঠা নিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার ২

গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমসহ দলীয় নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার, রায় বাতিল ও রাজবন্দীদের মুক্তির দাবিতে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বৈঠা ও লাঠি হাতে বিক্ষোভ মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। তবে মিছিলের পরপরই অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের ভূঁইয়া ফিলিং স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়ক ঘুরে হরি এলাকার ভূঁইয়া বাড়ির সামনে গিয়ে শেষ হয়। ময়মনসিংহ জেলা স্বেচ্ছাসেবক লীগ ও ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ হাসান তূর্ণের সহযোগিতায় এ কর্মসূচির আয়োজন করা হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সংগঠক ও সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন মণ্ডল। মিছিল শেষে তিনি সংক্ষিপ্ত বক্তব্যও দেন। এছাড়াও উপজেলা যুবলীগের সাবেক সদস্য জাহাঙ্গীর আলম ও রাকিব মণ্ডল প্রমুখ মিছিলে অংশ নেন। এদিকে নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করার সংবাদ পেয়ে তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় জনতার সহায়তায় দুজনকে গ্রেপটার করা হয়। তারা হলেন—ঈশ্বরগঞ্জ পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি আল-মাসুদ (৩০) ও ছাত্রলীগকর্মী মো. সজিব মিয়া (২০)। তারা ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরহোসেনপুর গ্রামের বাসিন্দা। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন জানান, মিছিলের ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যাচাই-বাছাই শেষে অন্যদের আইনের আওতায় আনা হবে।