নারায়ণগঞ্জ শহরের দুই নাম্বার রেলগেইট এলাকা থেকে পুলিশের অভিযানে বিদেশী পিস্তল ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান এসপি হাবিবুর রহমান।
এর আগে রাতে পুলিশের টহল অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, পাঁচ গ্রাম হেরোইন উদ্ধার এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন এমদাদুল হক (২৭) ও মো. জিহাদ (২৪)।
পুলিশ সুপার হাবিবুর রহমান বলেন, গ্রেফতারকৃতরা নারায়ণগঞ্জ সদর থানাসহ আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত। গ্রেপ্তারের সময় তাঁদের কাছ থেকে ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়। তাঁদের ব্যবহৃত একটি অ্যাপাচি ১৬০ সিসি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে, যেটির কোনো রেজিস্ট্রেশন ছিল না।
গ্রেপ্তার এমদাদুল হকের বিরুদ্ধে ২০২৬ সালের ২৭ জানুয়ারি নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি অস্ত্র আইনে এবং অন্যটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে। অপরদিকে মো. জিহাদের বিরুদ্ধে ২০২১ সালের ৯ মে ফতুল্লা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের তথ্য পাওয়া গেছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম
মতামত