ময়মনসিংহের ভালুকায় বাড়ির স্টিলের দরজা খুলে বাইরে বের হওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই সহোদর বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার বিকেল ৪টার দিকে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো- ওই গ্রামের শাহাবুদ্দিন মিয়ার মেয়ে ফাতেমা (৭) ও নাহিদা (৫)।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাড়িতে নতুন একটি ঘর নির্মাণ করা হয়েছিল। ওই ঘরে বৈদ্যুতিক সংযোগ দিতে পুরোনো ঘর থেকে বিদ্যুৎ নেওয়া হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সংযোগের তারে ত্রুটি থাকায় স্টিলের দরজায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। ঘটনার সময় দুই বোন ঘরের ভেতরে ছিল। দরজা খুলে বাইরে বের হওয়ার সময় তারা বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় শিশু দুটির মা ঘাস কাটতে বাড়ির বাইরে ছিলেন। তাদের বাবা শাহাবুদ্দিনও কাজের জন্য বাড়ির বাইরে ছিলেন বলে জানা গেছে। দুই শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশুর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
মতামত