গাজীপুরে ইয়াবা ট্যাবলেটসহ আটক দুই মাদক ব্যাবসায়ীকে ছিনিয়ে নিতে জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা চালিয়েছে মাদক কারবারিরা। গতকাল সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। এতে রেলওয়ে পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ফারুক হোসেন জানান, গতকাল সন্ধ্যার দিকে মাদক সেবন ও ব্যবসার খবর পেয়ে অভিযান চালিয়ে জয়দেবপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে মো. আনিছ (১৮) ও মোসা. শিমলাকে (২২) আটক করা হয়।
তাদের কাছ থেকে ৫৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে ফাঁড়িতে নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। কিছুক্ষণ পর একদল যুবক দেশীয় অস্ত্র নিয়ে ফাঁড়িতে হামলা চালায়।
এ সময় তারা তালাবদ্ধ কক্ষে আটক ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে বাধা দিলে রেলওয় পুলিশের অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক সাব ইন্সপেক্টর (এটিএসআই) নুরুল ইসলাম ও কনস্টেবল আশিকুর রহমানের ওপর হামলা চালানো হয়। এতে তারা আহত হন। তাদের গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, খবর পেয়ে রেলওয়ে ও জিএমপির সদর মেট্রো থানার পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মাদক ও পুলিশের ওপর হামলার ঘটনায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।
মতামত