বাংলাদেশের ঐতিহ্যবাহী রিকশা পেইন্টিংকে বিশ্বমঞ্চে আরও অনন্য ও মর্যাদাপূর্ণভাবে তুলে ধরতে ইউনেস্কো ও উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের মধ্যে একটি সমঝোতা চুক্তি সই হয়েছে। গতকাল ঢাকায় ইউনেস্কো কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এটি সই হয়। চুক্তিতে ইউনেস্কোর পক্ষে অফিসপ্রধান ও বাংলাদেশে ইউনেস্কোর প্রতিনিধি ড. সুজান ভাইজ এবং উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের পক্ষে প্রধান কৌশলগত পরিকল্পনাবিদ সুমন পাটওয়ারী সই করেন। ঢাকার রিকশা ও রিকশাচিত্র ২০২৩ সালে ইউনেস্কোর মানবতার বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিনিধিত্বমূলক তালিকায় অন্তর্ভুক্ত হয়। এ স্বীকৃতির ধারাবাহিকতায় রিকশাচিত্রের সমৃদ্ধ ইতিহাস, নান্দনিকতা ও সাংস্কৃতিক তাৎপর্য সুরক্ষার পাশাপাশি এর সঙ্গে যুক্ত শিল্পীদের সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নয়নে যৌথভাবে কাজ করার উদ্যোগ নিয়েছে ইউনেস্কো ও উইন্ডমিল।
এক্সপ্যান্ডিং দ্য ক্যানভাস’ শীর্ষক একটি সমন্বিত প্রকল্প বাস্তবায়ন করা হবে। প্রকল্পটির মাধ্যমে রিকশা পেইন্টিংয়ের বাণিজ্যিক সম্ভাবনা সম্প্রসারণ, বড় ব্র্যান্ডগুলোর সঙ্গে শিল্পীদের সংযুক্ত করা এবং প্রদর্শনী ও প্রচারের মাধ্যমে এ শিল্পধারাকে আরও বড় পরিসরে তুলে ধরার উদ্যোগ নেওয়া হবে। শিল্পীদের জীবিকায় সহায়তার পাশাপাশি বাংলাদেশের রিকশাচিত্রে ফুটে ওঠা সৃজনশীলতা, গল্প ও চিত্রভাষাকে তুলে ধরাও এ প্রকল্পের অন্যতম লক্ষ্য।
মতামত