জীবনে কষ্ট, অভিমান কিংবা ভুল বোঝাবুঝি থাকবেই। কখনও অন্যের আচরণে আমরা আঘাত পাই, আবার কখনও নিজের কোনও কথা বা কাজের কারণে প্রিয় মানুষ কষ্ট পান। সময়ের সঙ্গে অনেক ঘটনা পেছনে পড়ে গেলেও মনের মধ্যে জমে থাকা ক্ষোভ সহজে মুছে যায় না। অথচ মানসিক শান্তির জন্য অনেক সময় প্রয়োজন হয় সেই পুরনো অভিমান থেকে বেরিয়ে আসার।
ক্ষমা করার গুরুত্ব মনে করিয়ে দেয় আজকের ক্ষমা ও সুখ দিবস। এই দিনটির মূল বার্তা হলো, অতীতের আঘাত আঁকড়ে না ধরে ক্ষমা, সহমর্মিতা ও ভালোবাসার মাধ্যমে সম্পর্ক ও নিজের মানসিক স্বস্তি ফিরিয়ে আনার চেষ্টা করা।
কী বলছে দিবসটির ইতিহাস?
ক্ষমা ও সুখ দিবসের সূচনা হয়েছিল ধর্মীয় ভাবনার সঙ্গে যুক্ত একটি আয়োজন হিসাবে। পরে রবার্ট ময়ার্স ও ওয়ার্ল্ডওয়াইড ফরগিভনেস অ্যালায়েন্স এই দিবসটি প্রতিষ্ঠা করেন। ক্ষমাকে মানুষের মধ্যে ভালোবাসা, সহমর্মিতা ও গ্রহণযোগ্যতা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে তুলে ধরাই ছিল এর অন্যতম উদ্দেশ্য।
ক্ষতিগ্রস্ত সম্পর্ক মেরামত, মানসিক মুক্তি এবং ক্ষমা, শান্তি, আনন্দ ও ভালোবাসার গুরুত্ব সম্পর্কে সচেতনতা তৈরিও এই দিবসের মূল ভাবনার সঙ্গে যুক্ত।
পুরনো অভিমান থেকে বেরিয়ে আসুন
কাউকে ক্ষমা না করার বোঝা অনেক সময় সবচেয়ে বেশি বহন করতে হয় নিজেকেই। যিনি কষ্ট দিয়েছেন, তিনি হয়তো জানেনই না যে তাঁর কোনও আচরণ এখনও আপনার মনে প্রভাব ফেলছে। তাই অন্যের জন্য নয়, নিজের মানসিক শান্তির জন্যও ক্ষমা করার কথা ভাবা যেতে পারে।
তবে ক্ষমা মানে ঘটনার কথা ভুলে যাওয়া বা অন্যায়কে সমর্থন করা নয়। বরং অতীতের কষ্টকে মেনে নিয়ে তার নেতিবাচক প্রভাব থেকে নিজেকে ধীরে ধীরে মুক্ত করার একটি মানসিক প্রক্রিয়া। পুরনো আঘাত খুব গভীর হলে এই প্রক্রিয়ায় সময় লাগতে পারে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শও নেওয়া যেতে পারে।
ভুল হয়ে থাকলে ক্ষমা চান
মানুষ ভুল করবেই। কখনও ভুলটি সঙ্গে সঙ্গে বুঝতে পারি, আবার কখনও অনেক বছর পর উপলব্ধি হয় যে নিজের কোনও কথা বা আচরণে কাছের মানুষ কষ্ট পেয়েছেন।
এই দিনটি হতে পারে নিজের আচরণের দিকে ফিরে তাকানোর একটি সুযোগ। কাউকে কষ্ট দিয়ে থাকলে তাঁর সঙ্গে যোগাযোগ করে আন্তরিকভাবে ক্ষমা চাওয়া যায়। ফোন করা, চিঠি লেখা কিংবা সরাসরি দেখা করে নিজের ভুল স্বীকারসহ পরিস্থিতি অনুযায়ী যে কোনও পথ বেছে নেওয়া যেতে পারে।
আন্তরিক ক্ষমা চাওয়া অনেক সময় পুরনো সম্পর্কের দূরত্ব কমানোর পথ তৈরি করে। তবে ক্ষমা চাইতে গিয়ে নিজের ভুলের দায় অন্যের ওপর চাপিয়ে না দিয়ে সরাসরি নিজের আচরণের জন্য অনুতপ্ত হওয়াই গুরুত্বপূর্ণ।
নিজেকেও ক্ষমা করতে শিখুন
অন্যকে ক্ষমা করার চেয়েও অনেক সময় নিজেকে ক্ষমা করা কঠিন হয়ে দাঁড়ায়। অতীতের ভুল, ব্যর্থতা কিংবা ভুল সিদ্ধান্তের জন্য অনেকে দীর্ঘদিন নিজেকেই দোষ দিতে থাকেন। এতে অপরাধবোধ ও অনুশোচনা আরও গভীর হতে পারে।
নিজেকে ক্ষমা করার অর্থ নিজের ভুলকে অস্বীকার করা নয়। বরং ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করা। কী ঘটেছিল তা স্বীকার করা, নিজের অনুভূতিকে গুরুত্ব দেওয়া এবং ভবিষ্যতে একই ভুল যাতে না হয়, সে জন্য প্রয়োজনীয় পরিবর্তন আনা এই প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।
কীভাবে পালন করবেন এই দিন?
নিজের সম্পর্ক ও মানসিক অবস্থার দিকে একটু সময় দিয়ে তাকানোই হতে পারে দিনের সবচেয়ে অর্থপূর্ণ উদ্যাপন।
কাউকে ক্ষমা করার সিদ্ধান্ত নিতে পারেন, নিজের কোনও ভুলের জন্য ক্ষমা চাইতে পারেন কিংবা দীর্ঘদিন ধরে নিজের প্রতি জমে থাকা রাগ ও অপরাধবোধ থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে পারেন। প্রিয়জনের সঙ্গে খোলামেলা কথা বলা, পুরনো ভুল বোঝাবুঝি মেটানো কিংবা নিজের জন্য কিছুটা নিরিবিলি সময় রাখাও হতে পারে এই দিনের অংশ।
ক্ষমা কেন গুরুত্বপূর্ণ?
বিভিন্ন গবেষণায় ক্ষমা করার মানসিকতার সঙ্গে ভালো মানসিক ও শারীরিক স্বাস্থ্যের সম্পর্কের কথা উঠে এসেছে। দীর্ঘদিন ক্ষোভ ও তিক্ততা ধরে রাখার বদলে ক্ষমা করার অভ্যাস মানসিক চাপ ও উদ্বেগ কমাতে এবং মানসিক সুস্থতা বজায় রাখতে সহায়ক।
তবে প্রত্যেকের অভিজ্ঞতা আলাদা। তাই কোনও সম্পর্ক পুনরায় গড়ে তোলা বা কারও সঙ্গে যোগাযোগ করা সব পরিস্থিতিতে জরুরি নয়। বিশেষ করে যেখানে সম্পর্কটি ক্ষতিকর বা অনিরাপদ, সেখানে নিজের নিরাপত্তা ও মানসিক সুস্থতাকেই অগ্রাধিকার দেওয়া উচিত।
শেষ পর্যন্ত ক্ষঅন্য কারও জন্য মা করা কোনও বাধ্যতামূলক কাজ নয়। বরং অনেক ক্ষেত্রে এটি নিজের মনকে পুরনো কষ্টের ভার থেকে কিছুটা মুক্ত করার একটি পথ। তাই এই দিনে অন্যকে ক্ষমা করার পাশাপাশি নিজেকেও একটু সহানুভূতির চোখে দেখার চেষ্টা করা যেতে পারে।
মতামত