দেশে ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যু অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ১ হাজার ৯০২ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭১ জনে।
সোমবার (৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তর জানায়, সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়া ৯ জনের মধ্যে পাঁচজন পুরুষ ও চারজন নারী। চলতি বছর ডেঙ্গুতে মৃতদের মধ্যে পুরুষের হার প্রায় ৪৮ শতাংশ এবং নারীর হার ৫২ শতাংশ।
রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত নতুন করে ১ হাজার ৯০২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর ফলে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৮৮ হাজার ৩৬০ জন।
একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ৯৮৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৮২ হাজার ৩৩৫ জন।
নতুন ভর্তি রোগীর হিসাবে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে, সিটি করপোরেশন এলাকার বাইরে ৪০১ জন। খুলনা বিভাগে ৩০৬ জন, চট্টগ্রামে ২৭২ জন, বরিশালে ২১৬ জন, রাজশাহীতে ১০৫ জন, ময়মনসিংহে ৯৮ জন এবং রংপুরে ৬৬ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২০৬ জন এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ২২৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
সর্বশেষ ২৪ ঘণ্টায় মৃত্যুর হিসাবে সবচেয়ে বেশি তিনজন মারা গেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায়। চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা ২৭১ জনে পৌঁছেছে।
মতামত