ঢাকা    বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
১৭ বছরে বাধ্যতামূলক অবসর ও পদোন্নতিবঞ্চিতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

১৭ বছরে বাধ্যতামূলক অবসর ও পদোন্নতিবঞ্চিতদের তালিকা চাইল সংসদীয় কমিটি

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর ও সংস্থায় বিগত ১৭ বছরে অনৈতিকভাবে বাধ্যতামূলক অবসরে পাঠানো এবং পদোন্নতিবঞ্চিত কর্মকর্তাদের পদবিসহ পূর্ণাঙ্গ তালিকা চেয়েছে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। একই সঙ্গে এই দীর্ঘ সময়ে বাতিল হওয়া বিভিন্ন সম্প্রচার অনুষ্ঠান ও কর্মসূচির তালিকাও তলব করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য চাওয়া হয়। কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী সভায় সংশ্লিষ্ট তালিকাগুলো উপস্থাপন করতে হবে বলে জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। বৈঠকে বাংলাদেশ টেলিভিশনকে (বিটিভি) নিছক বাণিজ্যিক চ্যানেলে রূপান্তরের প্রবণতা পরিহার করে রাষ্ট্র ও সমাজের প্রতি দায়বদ্ধ গণমাধ্যম হিসেবে পরিচালনার তাগিদ দেওয়া হয়। সংবাদের গুরুত্ব ও প্রাসঙ্গিকতাকে প্রাধান্য দেওয়ার পাশাপাশি বিটিভির অনুষ্ঠান যাতে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, সে লক্ষ্যে সুনির্দিষ্ট রূপরেখা প্রণয়নের পরামর্শ দেন কমিটির সদস্যরা। জাতীয় ইতিহাস সংরক্ষণের বিষয়ে বৈঠকে গুরুত্বের সঙ্গে আলোচনা হয়। এতে বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, নব্বইয়ের ঐতিহাসিক গণঅভ্যুত্থান এবং সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানের গুরুত্বপূর্ণ প্রামাণ্য দলিল ও তথ্যচিত্র সংরক্ষণের সুপারিশ করা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের অধীন প্রতিটি প্রতিষ্ঠানের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নেয় কমিটি। এ ছাড়া আসন্ন শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে ধর্মীয় আচার পালন করতে পারেন, সে বিষয়ে সবাইকে তৎপর থাকার আহ্বান জানানো হয়। বৈঠকে কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ, প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী, মো. আশরাফ উদ্দিন বকুল, মজিবুর রহমান, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক, মো. শফিকুল ইসলাম ও মোসা. নাজমুন নাহার। এ ছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব, সংশ্লিষ্ট অধিদপ্তর ও সংস্থার শীর্ষ কর্মকর্তা এবং সংসদ সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।