ঢাকা    রোববার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় উড়োজাহাজে আকাশসীমা নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো পাকিস্তান

ভারতীয় উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক মাস বাড়িয়েছে পাকিস্তান। ভারতের বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) জানিয়েছে, আগামী ২৪ নভেম্বর স্থানীয় সময় ভোর ৪টা ৫৯ মিনিট পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ভারত নিবন্ধিত, ভারতীয় বিমানসংস্থা দ্বারা পরিচালিত বা ইজারাকৃত যেকোনও বেসামরিক বিমান এবং সামরিক ফ্লাইটের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য। পাকিস্তান সিভিল অ্যাভিয়েশন অথরিটির অধীন করাচি ও লাহোর উভয় ফ্লাইট ইনফরমেশন অঞ্চলেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে জিও নিউজ। ২০২৫ সালের এপ্রিলে জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর দুদেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি ঘটে। ওই হামলায় পাকিস্তানের জড়িত থাকার অভিযোগ তোলে ভারত, যা ইসলামাবাদ অস্বীকার করে। এই উত্তেজনার জের ধরে ২০২৫ সালের ২৩ এপ্রিল প্রথমবার ভারতের ওপর এই আকাশসীমা নিষেধাজ্ঞা জারি করে পাকিস্তান। জবাবে ওই বছরের ৩০ এপ্রিল পাকিস্তানি বিমানসংস্থাগুলোর জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করে দেয় ভারত। এর আগেও ১৯৯৯ সালের কারগিল যুদ্ধ এবং ২০১৯ সালের পুলওয়ামা সংকটের সময় পাকিস্তান ভারতীয় বিমান চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছিল। দীর্ঘমেয়াদি এই পাল্টাপাল্টি নিষেধাজ্ঞার ফলে আন্তর্জাতিক পথ ঘুরে চলায় এয়ারলাইনসগুলোর পরিচালনা ব্যয় ও ফ্লাইট সময় বৃদ্ধি পাচ্ছে। নতুন এই ঘোষণার ফলে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের আকাশসীমা ভারতীয় বিমানের জন্য পুরোপুরি বন্ধই থাকছে। সূত্র: ইন্ডিয়া টুডে

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের সাম্প্রতিক এক বক্তব্যকে ‘বিপজ্জনক বাগাড়ম্বর’ বলে আখ্যায়িত করেছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়। একই সঙ্গে তারা হুঁশিয়ারি দিয়েছে, ভারত যদি তার ‘আধিপত্যবাদী মানসিকতা’ থেকে সরে না আসে, তাহলে উপমহাদেশের শান্তি ও স্থিতিশীলতা হুমকির মুখে পড়বে। সম্প্রতি এক আলোচনা সভায় রাজনাথ সিং বলেছিলেন, ভবিষ্যতে পাকিস্তান থেকে কোনো সন্ত্রাসী হামলা হলে ভারত আগের চেয়েও কঠোর জবাব দেবে শনিবার (১৭ অক্টোবর) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের মুখপাত্র সাজ্জাদ হায়দার খান বলেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর এই মন্তব্যে পাকিস্তানের বিরুদ্ধে আগ্রাসনের হুমকি নিহিত রয়েছে। নয়াদিল্লিকে উসকানিমূলক বক্তব্য ও বিপজ্জনক বাগাড়ম্বর পরিহার করার আহ্বান জানিয়ে তিনি বলেন, এ ধরনের দায়িত্বজ্ঞানহীন বক্তব্য ভারতের আধিপত্যবাদী মানসিকতা এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার প্রতি তাদের সৃষ্ট ঝুঁকিরই বহিঃপ্রকাশ। পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। যেকোনো ধরনের আগ্রাসনের মোকাবিলায় পাকিস্তান কঠোর জবাব দেবে। স্মরণ করা যায়, ২০২৫ সালের ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগামে জঙ্গি হামলার পর মে মাসে দুই দেশের মধ্যে সংঘাত শুরু হয়। নয়াদিল্লির অভিযোগ ছিল, ওই হামলায় ২৬ জন পর্যটককে হত্যাকারী সন্ত্রাসীরা পাকিস্তানি। ইসলামাবাদ এ অভিযোগ অস্বীকার করে ভারতের কাছে নিরপেক্ষ তদন্তে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছিল। এরপর পাকিস্তানের অভ্যন্তরে ভারতের ক্ষেপণাস্ত্র হামলা থেকেই যুদ্ধের সূত্রপাত হয় বলে ইসলামাবাদের ভাষ্য। পারমাণবিক অস্ত্রধারী দুই দেশের এই সংঘাত ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে শেষ হয়। শনিবার গণমাধ্যমের সামনে ব্রিফিংকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গত বছরের মে মাসের ঘটনার কথা স্মরণ করিয়ে বলেন, পাকিস্তান তার ভূখণ্ডগত অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার সক্ষমতা ও দৃঢ় সংকল্প প্রদর্শন করেছে। তিনি স্পষ্ট করে বলেন, এ বিষয়ে কোনো অস্পষ্টতা থাকা উচিত নয়; যেকোনো অবিবেচনাপ্রসূত আগ্রাসনের মুখে নিজেদের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষার জন্য পাকিস্তান সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। তিনি আরও যোগ করেন, পাকিস্তানের সংযম ও শান্তির প্রতি অঙ্গীকারকে যেন দুর্বলতা বলে ভুল না করা হয়। যেকোনো আগ্রাসনের কঠোর জবাব দেওয়া হবে।      

ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘উসকানিমূলক’ বক্তব্যের কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের