সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে দ্বিতীয়বারের মতো হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি গোষ্ঠী। একই সঙ্গে মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা বাদ দিয়ে সৌদি আরবের বাকি পুরো আকাশসীমাকে নিজেদের সামরিক অভিযানের জন্য ‘ওপেন টার্গেট’ বা উন্মুক্ত লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা করেছে তারা।
সোমবার এক বিবৃতিতে হুতিদের সামরিক মুখপাত্র বলেন, গত ২৪ ঘণ্টায় ইয়েমেনের ওপর সৌদি ‘আগ্রাসনের’ জবাবে দেশটির সশস্ত্র বাহিনী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হুতিদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, বিমানবন্দরটি লক্ষ্য করে চালানো হামলাটি ছিল ‘সুনির্দিষ্ট’। এর ফলে বিমানবন্দরের বিমান চলাচল ব্যাহত হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।
এর আগে একই দিন সৌদি আরবের আকাশসীমা ব্যবহারের বিষয়ে সতর্কবার্তা দিয়েছিল হুতিরা। সে সময় গোষ্ঠীটি জানায়, মক্কা ও মদিনার পবিত্র আকাশসীমা ছাড়া সৌদি আরবের পুরো আকাশসীমাই তাদের সামরিক অভিযানের জন্য উন্মুক্ত। বিবৃতিতে আরও বলা হয়, সৌদি আকাশসীমার ব্যবহার অব্যাহত রাখার বিষয়ে দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করা হলে এর পরিণতির দায় হুতিরা নেবে না।
সূত্র : মিডল ইস্ট আই।
মতামত