ঢাকা    শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
চাঁদপুরে বাসচাপায় প্রবাসী বাইকচালক নিহত

চাঁদপুরে বাসচাপায় প্রবাসী বাইকচালক নিহত

চাঁদপুরের শাহরাস্তিতে মেয়ের জন্মদিনের কেক কিনতে যাওয়ার পথে বাসের চাপায় মোটরসাইকেল চালক সৌদিপ্রবাসী আল আমিন (৪০) নামে এক যুবক নিহত হন। তিনি উপজেলার কৃষ্ণপুর গ্রামের মসজিদ বাড়ির আব্দুল মান্নানের ছেলে। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মৌতা বাড়ি নামক এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় মোটরসাইকেল চালক আল আমিন ও আরেক আরোহী হৃদয় (১৯) গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক আল আমিনকে মৃত ঘোষণা করেন। অপর মোটরসাইকেল আরোহী হৃদয়কে চিকিৎসা প্রদান করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হাজীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মোরাদ জানান, চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে আনার আগে আল আমিন নিহত হয়েছেন। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে শাহরাস্তি থানা পুলিশকে মৃতদেহ বুঝিয়ে দেওয়া হয়েছে। নিহত আল আমিনের ভাই বাহারউদ্দিন জানান, আল আমিন সৌদিপ্রবাসী। তাঁর একটি মেয়ে আছে। মেয়ের জন্মদিনের কেক কিনতে হাজীগঞ্জে যাওয়ার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। রোববার সকালে সে সৌদি যাওয়ার কথা ছিল। শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, এ ঘটনায় সড়ক দুর্ঘটনা আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।