ঢাকা    মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৪৭, মামলা ৫৮

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪৭ জন গ্রেফতার হয়েছে। একই সময়ে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।  মঙ্গলবার (৬ অক্টোবর) ডিএমপি মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।  গ্রেফতারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২৭ জন, লালবাগ বিভাগ ৪৭ জন, ওয়ারী বিভাগ ৫৬ জন, মতিঝিল বিভাগ ৬৭ জন, তেজগাঁও বিভাগ ৭০ জন, মিরপুর বিভাগ ১০১ জন, গুলশান বিভাগ ২৯ জন, উত্তরা বিভাগ ৪৭ জন ও গোয়েন্দা বিভাগ ৩ জনকে গ্রেফতার করেছে। অভিযানকালে ২টি রামদা, ৩টি চাকু, ৫১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, ১০০০ পিস ইয়াবা, ৫১ পুরিয়া হেরোইন, ১৯ বোতল ফেনসিডিল, নগদ ১৬ হাজার ২০০ টাকা ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেফতার করা হয়।  গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।

কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার

ঢাকার কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় আসামি সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম পতেঙ্গা হতে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ান (এসআরবি)।  মঙ্গলবার (৬ অক্টোবর) এসআরবি-১০-এর মিডিয়া বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।  এসআরবি জানায়, ভিকটিম সুমা আক্তার (২৪)-এর সঙ্গে আসামি সাইফুল হাওলাদার (৩০) এর প্রায় ৫ বছর পূর্বে বিবাহ হয়। বিবাহের পর থেকে আসামি সাইফুল তার স্ত্রীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছিল এবং সর্বশেষ গত ৯ জুলাই ভিকটিমকে তালাক প্রদান করে। পরবর্তীকালে ভিকটিম দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভাড়া বাসায় বসবাস ও একটি কারখানায় চাকরি করতেন। গত ২৪ সেপ্টেম্বর রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে ভিকটিমের মোবাইল থেকে তার পরিবারকে আসামি সাইফুল হাওলাদার জানায় যে, ভিকটিমকে হত্যা করে তার লাশ দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন নাজিরের বাগ এলাকায় ভিকটিমের ভাড়া বাড়ির ভেতরে রেখে গেছে। পরবর্তী সময়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ দেখতে পান এবং পুলিশকে অবহিত করেন। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় প্রেরণ করে।   এ ঘটনায় মৃতের মা আসামি সাইফুল হাওলাদারসহ অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের প্রেক্ষিতে এসআরবি-১০ আসামিদের গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজদারি বৃদ্ধি করে।  এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যর ভিত্তিতে এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ, ঢাকা এবং এসআরবি-৭ একটি  যৌথ অভিযান পরিচালনা করে গতকাল সোমবার রাত ৯টার দিকে  আসামি সাইফুল হাওলাদারকে (৩০) চট্টগ্রাম জেলার পতেঙ্গা থানাধীন চরপাড়া লাইটারঘাট এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়।  উল্লেখ্য, আসামির পিতার নাম কালাম হাওলাদার। তিনি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার গোপালপুরের বাসিন্দা।  গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

কেরাণীগঞ্জে স্ত্রী হত্যার চাঞ্চল্যকর ঘটনায় স্বামী গ্রেফতার