প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ক/ক/টে/ল নিক্ষেপের ঘটনায় মা/ম/লা
রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপের ঘটনায় বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) দুপুরে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন আকাশ, নুরুন্নবী ও শাখাওয়াৎ।
ডিএমপির তেজগাঁও জোনের সহকারী কমিশনার (এসি) আতাহারুল ইসলাম তালুকদার বলেন, ঘটনার তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেফতারের চেষ্টা করা হচ্ছে।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, মামলায় গ্রেফতার তিনজন কার্যক্রম নিষিদ্ধ দলের সদস্য। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধারেরও চেষ্টা চলছে।
শুক্রবার (৯ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১টার দিকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়। অন্যটি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করে।
ঘটনাস্থল পরিদর্শন শেষে রাতে সাংবাদিকদের ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) ইবনে মিজান বলেন, রাত সোয়া ১টার দিকে দুই মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে এসে দুই থেকে তিন মিনিট অবস্থান করেন। এ সময় তারা আশপাশ পর্যবেক্ষণ করেন।
পরে দুটি ককটেল নিক্ষেপ করে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। তারা আগারগাঁও হয়ে কাফরুল রোডের দিকে চলে গেছেন বলে তথ্য পেয়েছে পুলিশ।