ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ১০ মিনিটের ব্যবধানে দুইটি ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এর ১০ মিনিট পর ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণ ঘটানো হয়। তবে এসব ঘটনায় কেউ হতাহত হয়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা থানার সামনে টেপ দিয়ে মোড়ানো একটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। তবে সেটি বিস্ফোরিত হয়নি। পরে পুলিশ ককটেলটি উদ্ধার করে পানিভর্তি বালতিতে রাখে।
এরপর সন্ধ্যা ৭টার দিকে ইকুরিয়া বাজার এলাকায় আরেকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরপর দুটি ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দুর্বৃত্তরা থানার সামনে ককটেল নিক্ষেপ করেছে। এ ছাড়া ইকুরিয়া বাজারেও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।
মতামত