নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ব্যাংক থেকে ছয় লাখ টাকা তুলে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ছিনতাইয়ের শিকার হয়েছেন মো. হাবিবুল্লাহ (৩১) নামে এক ব্যবসায়ী। ছিনতাইকারীদের ব্যবহৃত প্রাইভেটকারের পিছু নেওয়ার সময় ওই গাড়ির ধাক্কায় সড়কে পড়ে আহত হন তিনি।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক ছালু হাজী রোডের মাথায় এ ঘটনা ঘটে।
এ ঘটনায় ভুক্তভোগী হাবিবুল্লাহ সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, দুপুরে চিটাগাং রোডের দশতলা এলাকার একটি ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করেন। পরে টাকার ব্যাগ সঙ্গে নিয়ে মোটরসাইকেলে করে মিজমিজি দক্ষিণপাড়ার বাসার উদ্দেশে রওনা হন তিনি।
মৌচাক ছালু হাজী রোডের মাথায় পৌঁছালে পেছন থেকে আসা সাদা রঙের একটি প্রাইভেটকার তার মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় গাড়িতে থাকা তিনজনের মধ্যে একজন জানালা দিয়ে হাত বাড়িয়ে তার সঙ্গে থাকা টাকার ব্যাগ টান দিয়ে নিয়ে নেয়। এরপর প্রাইভেটকারটি মৌচাক ইউটার্ন ঘুরে চিটাগাং রোডের দিকে চলে যায়।
হাবিবুল্লাহ আরও জানান, ছিনতাইকারীদের গাড়িটি দেখতে পেয়ে তিনি মোটরসাইকেল নিয়ে পিছু নেন। একপর্যায়ে মাদানীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে প্রাইভেটকারটি তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে আহত হন। পরে ছিনতাইকারীরা প্রাইভেটকার নিয়ে কাঁচপুর ব্রিজের দিকে পালিয়ে যায়।
ঘটনার পর বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। সিদ্ধিরগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইউসুফ আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। ঘটনাটি তদন্ত করে ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত