ঢাকা    মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
আইন দর্পণ
Topic Ads 1
ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে বাসে আগুন, চালকের মৃত্যু

ফরিদপুরে দাঁড়িয়ে থাকা একটি লোকাল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালক মো. কালাচাঁদের (৫০) মৃত্যু হয়েছে। সোমবার গভীর রাতে ফরিদপুর শহরের গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কালাচাঁদের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর গ্রামে। তিনি ফরিদপুর-টেকেরহাট-মাদারীপুর পথে চলাচলকারী ‘কিশোর-তনয়’ পরিবহনের একটি লোকাল বাসের চালক ছিলেন। বাসটির নিবন্ধন নম্বর ফরিদপুর-ব-১১-০১৮২। স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি গোয়ালচামট নতুন বাসস্ট্যান্ডের সামনে সড়কে দাঁড় করানো ছিল। এ সময় চালক কালাচাঁদ বাসের ভেতরে ঘুমিয়ে ছিলেন। দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দিলে তিনি ভেতরে আটকা পড়েন। একপর্যায়ে শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়লে তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা শ্রীবাস বাড়ৈ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় বাসচালক কালাচাঁদ শ্বাসকষ্টে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ফরিদপুরের পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী বলেন, নতুন বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। বিডি-প্রতিদিন/এআইএস