প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
ঢাকার আদালত থেকে পালালেন হত্যা মামলার আসামি
||
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ-১ আদালতের এজলাস থেকে কৌশলে পালিয়ে গেছেন হত্যা মামলার এক আসামি।
আজ মঙ্গলবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া। তিনি রাজধানীর দক্ষিণখানে পোশাকশ্রমিক আলেয়া আক্তার হত্যা মামলার আসামি।
আদালতের প্রসিকিউশন বিভাগের পুলিশ পরিদর্শক মোহসীন হোসেন আসামি পালিয়ে যাওয়ার বিষয় নিশ্চিত করেন। তিনি বলেন, ‘দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আদালতের আসামির কাঠগড়া থেকে হাতকড়া খুলে পালিয়ে যান কাউসার মিয়া।’ তবে কীভাবে পালালেন তা বিশ্লেষণ করে দেখা হচ্ছে।
এই হত্যা মামলাটির সাক্ষ্য গ্রহণের জন্য আজ দিন ধার্য ছিল। কিন্তু কোন সাক্ষী আদালতে হাজির হননি। আসামি কাউসারকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। সাক্ষী না আসায় আদালত ২৮ জানুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন। এরই মধ্যে কাঠগড়া থেকে সুযোগ বুঝে পালিয়ে যান তিনি।
এই আসামিকে হাজতখানা থেকে আদালতের কাঠগড়ায় আনা নেওয়ার দায়িত্বে নিয়োজিত ছিলেন পুলিশ কনস্টেবল আরাফাত। তিনি বলেন, কাঠগড়ায় থাকা অবস্থায় এই আসামিকে রেখে তিনি আদালতের সামনে যান আসামির কাগজপত্র আনতে। মুহূর্তের মধ্যে আসামি পালিয়ে যান।
মামলার বিবরণ থেকে জানা যায়, ঢাকার দক্ষিণখান থানার দক্ষিণখান দক্ষিণ পাড়া এলাকায় ২০২০ সালের ২০ জুলাই বাসার গোসলখানায় ছুরিকাঘাতে খুন করা হয় আলেয়াকে। এ ঘটনায় পরদিন তাঁর বাবা রবিউল ইসলাম অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন। তদন্তে গিয়ে ওই দিনই কাউসারকে টঙ্গী এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন কাউসার আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেন।
জবানবন্দিতে কাউসার জানান, তিনি নিহত আলেয়ার প্রেমিক ছিলেন। হত্যাকাণ্ডের আগে আলেয়া তাঁকে এড়িয়ে চলছিলেন। ২০২০ সালের ২০ জুলাই আলয়াদের বাসার সামনে অপেক্ষা করতে থাকেন কাউসার। রাত ৯টার দিকে ঘর থেকে বের হয়ে আলেয়া বাথরুমে গেলে কাউসার তাঁকে জড়িয়ে ধরেন এবং তাঁর সঙ্গে কথা বলতে চান। আলেয়া বাধা দিলে তাঁকে ছুরিকাঘাত করেন তিনি। এতে আলেয়ার মৃত্যু হয়।
মামলাটি তদন্ত করে দক্ষিণখানার এসআই সুজন চন্দ্র কর্মকার ২০২১ সালের ৩০ জুন কাউসারকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেন।
২০২২ সালের ২০ জুলাই আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় এখন পর্যন্ত আলেয়ার বাবা রবিউল ইসলাম ও তাঁর বড় বোন রাব্বিনা আক্তার সাক্ষ্য দিয়েছেন। গ্রেপ্তারের পর থেকেই কাউসার কারাগারে রয়েছেন।
এর আগে গত ৬ অক্টোবর ঢাকার সিএমএম আদালত থেকে শরিফুল নামের এক আসামি পালিয়ে যান। একই আসামিকে ২০২৫ সালের ১৯ জুন খিলগাঁও থানায় দায়ের করা জিসান হত্যা মামলায় ঢাকার মহানগর দায়রা জজ আদালতে হাজির করা হলে সেখান থেকেও পালিয়ে ছিলেন।
এ ছাড়া ২০২৪ সালের ১৭ নভেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলামও পালিয়ে যান। এর আগে ফয়সাল আরেফিন দীপন হত্যা মামলার ২ আসামি ঢাকার আদালত থেকে পালিয়ে ছিলেন ২০২০ সালে। বিভিন্ন সময়ে আরও আসামি পালানোর ঘটনা ঘটেছে ঢাকার আদালত থেকে।
সম্পাদক ও প্রকাশক ঃ মো: গোলাম মোস্তফা
৩৯, বি.বি. এভিনিউ, সমবায় নিকেতন (৩য় তলা)জিরো পয়েন্ট, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত