প্রিন্ট এর তারিখ : ১০ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬
মুক্তিযোদ্ধা ভবনসহ গোপালগঞ্জের একাধিক স্থানে ককটেল বিস্ফোরণ
||
গোপালগঞ্জ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। নিষিদ্ধ সংগঠনের ডাকা কর্মসূচিকে কেন্দ্র করে সোমবার রাতে সংঘটিত এসব ঘটনায় পুরো এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ অবস্থায় গোপালগঞ্জ ককটেল বিস্ফোরণ রোধ ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপালগঞ্জ শহরের জেলা স্কুলের প্রধান ফটক, সরকারি মহিলা কলেজ ও পাসপোর্ট অফিসের দেয়াল এবং সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে বিকট শব্দে ককটেল ফুটিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে আশপাশের বাসিন্দাদের মাঝে চরম আতঙ্কের সৃষ্টি হয়।
এ ছাড়া কোটালীপাড়ায় উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রাত সোয়া ৯টার দিকে মোটরসাইকেলে আসা একদল দুর্বৃত্ত বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। তবে এ ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
কোটালীপাড়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা মুক্তিযোদ্ধা ভবনের সামনের ফাঁকা জায়গায় ককটেল বিস্ফোরণ ঘটে। এতে ক্ষয়ক্ষতি হয়নি।
তিনি আরও জানান, বিস্ফোরণের কিছুক্ষণ পর মুক্তিযোদ্ধা ভবনের পেছনে অবস্থিত ক্যাফে একাত্তরের জেনারেটর অতিরিক্ত গরম হয়ে আগুন ধরে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ককটেল বিস্ফোরণ ও জেনারেটরে আগুন লাগার ঘটনার মধ্যে কোনও যোগসূত্র নেই।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলগুলোতে উপস্থিত হন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলাজুড়ে পুলিশের টহল ও সার্বিক নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। তবে এসব ঘটনায় এখনও কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক ঃ মো: গোলাম মোস্তফা
৩৯, বি.বি. এভিনিউ, সমবায় নিকেতন (৩য় তলা)জিরো পয়েন্ট, ঢাকা-১০০০, বাংলাদেশ ।
কপিরাইট © ২০২৬ আইন দর্পণ । সর্বস্বত্ব সংরক্ষিত